১৮ জুন ২০১৩ - ১৯:৩০
পাকিস্তানে জানাযার নামাজে বোমা হামলা; এমপিসহ নিহত ১০

পাকিস্তানে শোকার্ত জনতার ওপর ভয়াবহ বোমা হামলা চালিয়েছে উগ্র জঙ্গিরা। আত্মঘাতী এ হামলায় দেশটির একজন প্রাদেশিক সংসদ সদস্যসহ অন্তত ১০ জন নিহত ও অপর ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে।

বার্তা সংস্থা আবনা : পাকিস্তানে শোকার্ত জনতার ওপর ভয়াবহ বোমা হামলা চালিয়েছে উগ্র জঙ্গিরা। আত্মঘাতী এ হামলায় দেশটির একজন প্রাদেশিক সংসদ সদস্যসহ অন্তত ১০ জন নিহত  ও অপর ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে।

রাজধানী ইসলামাবাদ থেকে ১৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত মারদান জেলার শেরগড় শহরে মঙ্গলবার এ হামলা চালানো হয়। হামলার সময় সমবেত জনতা স্থানীয় একটি পেট্রোল পাম্পের মালিকের জানাযার নামাজ পড়ছিলেন।

স্থানীয় পুলিশ প্রধান তাহির আইয়ুব জানিয়েছেন, “প্রাদেশিক সংসদ সদস্য ইমরান খান মোহমান্দসহ অন্তত ১০ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছে।“

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে মোহমান্দ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে তিনি ছিলেন স্বতন্ত্র প্রার্থী।

তবে হামলাটি ঠিক ইমরান খান মোহমান্দকে লক্ষ্য করে চালানো হয়েছে কিনা তা এখনো পরিষ্কার নয়। কারণ, তিনি পেট্রল পাম্পের মৃত মালিকের আত্মীয় হিসেবে তার দাফন-কাফনে অংশ নিতে গিয়েছিলেন।

পাকিস্তানের কোয়েটা শহরের একটি মহিলা বিশ্ববিদ্যালয়ের বাসে এবং পরবর্তীতে হাসপাতালে শক্তিশালী বোমা হামলায় ২৫ শিয়া মুসলমান নিহত হওয়ার তিন দিন পর আজকের হামলা চালানো হলো।

এসব হামলার জন্য উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করা হচ্ছে।